লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

১৭ বছর পর টেস্ট খেলতে আগামী বছর লর্ডসে ফিরছে বাংলাদেশ। ক্রিকেটের তীর্থভূমিতে সেই ফেরাটা আরও স্মরণীয় হয়ে উঠতে যাচ্ছে নতুন এক সংযোজনে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার কয়েক দিনের মধ্যেই ঐতিহাসিক এই মাঠে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। আগামী ৩ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

লর্ডসে এর আগে টেস্ট ও ওয়ানডে খেললেও কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশের ছেলেদের দল। আগামী জুনে সেই অপেক্ষার অবসান ঘটবে। চলতি বছর অবশ্য প্রথমবারের মতো লর্ডসে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল তারা।

বাংলাদেশের জন্য আগামী বছরের ইংল্যান্ড সফর এমনিতেই বিশেষ তাৎপর্যপূর্ণ। মে মাসের শেষ দিকে ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০১০ সালে এই মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। সেই ম্যাচে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। এবার বিসিবি সভাপতি হিসেবে লর্ডসে বাংলাদেশের আরও একটি ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হওয়ার সুযোগ থাকছে তার সামনে।

এমসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩ জুন বাংলাদেশের বিপক্ষে নেপালের টি-টোয়েন্টি ম্যাচের পর একই মাঠে অনুষ্ঠিত হবে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচ। লর্ডসের ইতিহাসে একই দিনে ছেলেদের আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ নিয়ে এমন আয়োজন এবারই প্রথম।

বাংলাদেশ ও নেপালের দর্শকদের কথা বিবেচনায় রেখে ম্যাচের সময় নির্ধারণ করা হবে। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা যেন টেলিভিশনে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারেন, সে বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে ম্যাচ শুরুর নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি।

লর্ডসে ঐতিহাসিক এই ম্যাচ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। এমসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে খেলা বাংলাদেশ দলের জন্য বিশেষ উপলক্ষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে ঐতিহাসিক এই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হতে পেরে আমরা আনন্দিত।’

আগামী বছরের ইংল্যান্ড সফর বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় হয়ে উঠবে বলে মনে করেন তামিম, ‘এই বিখ্যাত মাঠে আমাদের ছেলেদের দল প্রথমবার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এর আগে ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট খেলতে ফিরব আমরা। সব মিলিয়ে আগামী গ্রীষ্ম বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় হয়ে থাকবে।’

বাংলাদেশ ও নেপালের ক্রিকেটপ্রেমীদের জন্যও ম্যাচটিকে বিশেষ উপলক্ষ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটপাগল দুটি দেশকে এই ঐতিহাসিক আয়োজন এক জায়গায় নিয়ে আসবে। বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা সেই আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবেন। বিশেষ এই ম্যাচ আয়োজনের জন্য এমসিসি ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসনও বাংলাদেশকে আবার লর্ডসে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন। তিনি বলেন, ‘১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্টের পরপরই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে, এটি আমাদের জন্য দারুণ আনন্দের। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচেই বাংলাদেশ দলকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

নেপালের জন্যও ম্যাচটি ঐতিহাসিক। দেশটি এর আগে ২০১৮ সালে লর্ডসে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল। তবে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে লর্ডসে এটিই হবে তাদের প্রথম ম্যাচ।

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ বলেন, ‘লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে ফিরে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে লর্ডসে নেপালের প্রথম ম্যাচ হবে এটি।’

বাংলাদেশ ও নেপালের মধ্যে এখন পর্যন্ত ওয়ানডে ম্যাচ হয়নি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৪ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হওয়া দুটি ম্যাচই জিতেছে বাংলাদেশ।

লর্ডসে মুখোমুখি হওয়ার আগেও আগামী মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নেপাল। সেই সিরিজ অনুষ্ঠিত হবে নেপালে। দেশটিতে সম্প্রতি ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হবে সিরিজটি।

এদিকে জুনে এমসিসির আয়োজনে ইংল্যান্ড সফরে বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে নেপাল। ১ জুন ওয়ার্মসলিতে স্কটল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সফর। বাংলাদেশের বিপক্ষে লর্ডসের ম্যাচের পর ৬, ৯, ১১ ও ১২ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে আরও চারটি ম্যাচ খেলবে নেপাল।

জাতীয়