‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই স্থায়ী অধিদপ্তর চালু হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না হাইস্কুল মাঠে ‘ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৯৭১ সালের এই দিনে শহীদ হওয়া ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘অধিদপ্তরটি চালুর পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। ক্ষতিগ্রস্তদের এককালীন ও নিয়মিত মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। এই অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী গুম ও খুনের একটি সঠিক তালিকা তৈরি করা হবে, যাতে ভবিষ্যতে দেশে কেউ এমন ঘটনার শিকার না হয়।’

তিনি বলেন, বিগত বছরগুলোতে অসংখ্য মানুষ নির্মমভাবে গুম ও খুনের শিকার হয়েছেন এবং প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকির জবাবে বলেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখাবেন না।’

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আপনাকে দেশে ফিরতে হলে আইনি কাঠামোর মধ্য দিয়েই ফিরতে হবে। দেশের জনগণ যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে।’

আইনমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করে না। গোপালগঞ্জে সাধারণ মানুষকে জিম্মি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান।

বিকেলে মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের জন্য তৈরি করা বাড়ি উদ্বোধন করেন দুই মন্ত্রী।

জাতীয়