ঐতিহাসিক এই রায় বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা এগারো লাখ রোহিঙ্গার অনিশ্চিত জীবনে বিরল এক আনন্দের উপলক্ষ হয়ে এল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
নয় বছর আগে রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস থেকে ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলার সূচনা করেছিল। এ রায়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হল।
সেই সঙ্গে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা এগারো লাখ রোহিঙ্গার অনিশ্চিত জীবনে বিরল এক আনন্দের উপলক্ষ হয়ে এল এই রায়।
নাৎসি হলোকাস্টের পর থেকে এ পর্যন্ত কোনো আন্তর্জাতিক আদালত মাত্র চারবার গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে রায় দিয়েছে। এবারের রায় সেই বিরল ঘটনাগুলোর একটি।
রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টাকারীদের ওপর হামলা করেছে।
এর মধ্য দিয়ে মিয়ানমার জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে উত্তর রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে বলে প্রমাণ পেয়েছে আইসিজে।
আদালতের পনের বিচারকের মধ্যে প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়াসহ নয় জন এ মতের পক্ষে রায় দেন। আর ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদেসহ ছয় জন মত দেন বিপক্ষে।
রোহিঙ্গারা মূলত মুসলিম জনগোষ্ঠীর একটি জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে কয়েক শতাব্দী ধরে তাদের বসবাস।
জেনারেল নে উইনের সামরিক শাসন (১৯৬২-১৯৮৮) থেকে শুরু করে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক প্রশাসন (২০১৬-২০২১)—মিয়ানমারের পরপর বিভিন্ন সরকার রোহিঙ্গাদের ‘বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী’ হিসেবে বিবেচনা করেছে।
১৯৮২ সালের নাগরিকত্ব আইনেও অধিকাংশ রোহিঙ্গাকে নাগরিকত্বের বাইরে রাখা হয়। ফলে তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়।
রোহিঙ্গারা বিভিন্ন সময়ে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হলেও ২০১৭ সালের অগাস্টে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে।
ওই সময় বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায়। এর জবাবে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে।
অভিযান থেকে বেঁচে আসা রোহিঙ্গারা গণহত্যা, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার বর্ণনা দেন। কয়েক মাসের মধ্যে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের বাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে। তবে অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করে, তাদের ওই লড়াই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করতে নয়।
কিন্তু পরের বছর জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবারের রায়ে বিচারপতি ইওয়াসাওয়া বলেন, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতন এবং শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া বা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল।
আদালত আরও বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হল, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব অপরাধ সংঘটিত হয়েছিল।
গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রতিষ্ঠা করতে হয়। আদালত মনে করেছে, মিয়ানমারের কর্মকাণ্ড সেই আইনি মানদণ্ড পূরণ করেছে।
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনের নির্দেশ
গণহত্যার দায় নির্ধারণের পাশাপাশি রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের একাধিক আইনি বাধ্যবাধকতা নির্ধারণ করেছেন বিচারকরা।
আদালত বলেছেন, গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের কারণে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি পরবর্তী সময়ে আদালত নির্ধারণ করবে।
এ ছাড়া মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে হবে।
গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বিষয়ে ১৯৪৮ সালের আন্তর্জাতিক সনদ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার—এমন সিদ্ধান্তও দিয়েছেন আদালত।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের তদন্ত ও বিচারের আওতায় আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় নিশ্চয়তা ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারকরা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। এর মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে কক্সবাজারের বিস্তৃত শরণার্থী শিবিরগুলোতে রয়েছে।

