আসিফ আকবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

আসিফ আকবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

আইন আদালত ডেস্ক

রাজধানীর তেজগাঁও থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমীর আদালতে তিনি এই দাবি জানান। আদালত যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেন।

মামলার সাক্ষ্য গ্রহণের জন্য এদিন আসিফ আদালতে হাজিরা দেন। তার উপস্থিতিতে সিআইডির পরিদর্শক শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক জামাল উদ্দিন সাক্ষ্য প্রদান করেন। এরপর আদালত মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। আসিফ আত্মপক্ষ শুনানিতে অংশ নেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য প্রদান করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়, যা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

তারপর ২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার। ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন।

অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলাটি বর্তমানে আদালতে সাক্ষ্য গ্রহণ ও আত্মপক্ষ শুনানির পর্যায়ে রয়েছে, যা আগামী রায়ে সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইন আদালত শীর্ষ সংবাদ