আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। গত মঙ্গলবার তিনি পূর্বসূরী জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন। দেশটির ১৩ লাখ সদস্যের বিশাল সামরিক বাহিনীকে এমন একটি সময়ে তিনি নেতৃত্ব দিতে যাচ্ছেন, যখন বৈশ্বিক ভূ-কৌশলগত পরিবেশ এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে যুদ্ধের প্রকৃতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
জেনারেল ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মহারাষ্ট্রের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) সাবেক শিক্ষার্থী। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি অপারেশনাল, কৌশলগত, সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সামরিক বাহিনীর অভ্যন্তরে কৌশলগত দক্ষতার জন্য তিনি ‘ট্যাংক ম্যান’ হিসেবে পরিচিত।
কর্মজীবনে তিনি উত্তর ভারতের মরু অঞ্চলে সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীন সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনকারী বিশেষ ব্রিগেডের শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাপ্রধান হওয়ার পূর্বে তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্ট্রাইক কমান্ড ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বে ছিলেন এবং উপ-সেনাপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জেনারেল শেঠের দায়িত্ব গ্রহণের পাশাপাশি ভারতের সামগ্রিক সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশের নতুন সহ-সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন। তিনি সেনাবাহিনীর অপারেশন, কৌশলগত পরিকল্পনা এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তদারকি করবেন। একই সাথে ভারতীয় বিমানবাহিনীতেও পরিবর্তন এসেছে; নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।
সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ড স্তরেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের এবং লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্কর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের নতুন কমান্ড-ইন-চিফ নিযুক্ত হয়েছেন। এছাড়া, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেহ-ভিত্তিক ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর কমান্ডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই উচ্চপর্যায়ের রদবদল ভারতের দীর্ঘমেয়াদি সামরিক আধুনিকায়ন, আধুনিক প্রযুক্তি সংযোজন এবং সীমান্ত নিরাপত্তা জোরদারকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


