অর্থ ও বাণিজ্য ডেস্ক
সরকার চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব (যোগাযোগ ও সরবরাহ কেন্দ্র) হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, এ অঞ্চলের বন্দর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ফ্রি জোনগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে, যা চট্টগ্রামের অর্থনৈতিক চিত্রকে আমূল বদলে দেবে।
শনিবার সকালে চট্টগ্রাম নগরের বন্দর থানার ঈশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি দেশের অর্থনীতি ও বৈশ্বিক বিনিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে জাতীয় অর্থনীতি পুনরায় শক্তিশালী অবস্থানে ঘুরে দাঁড়াবে। বর্তমানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ লক্ষণীয়ভাবে বাড়ছে। বিশেষ করে চীনের বহু শিল্পোদ্যোক্তা বাংলাদেশে বড় আকারের বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন। সরকার বিদেশি পুজিঁ আকৃষ্ট করতে এবং তাদের জন্য একটি দীর্ঘমেয়াদি ও সহায়ক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কার অব্যাহত রেখেছে।
চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এই প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ভূমি বরাদ্দ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সংযোগ এবং উন্নত যোগাযোগ অবকাঠামো নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এটি সম্পন্ন হলে চট্টগ্রাম এশিয়ান রিজিওনাল লজিস্টিক নেটওয়ার্কের একটি অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
এর আগে অর্থমন্ত্রী ঈশান মিস্ত্রি হাট সড়কের চলমান সংস্কারকাজ সরজমিনে পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব করতে নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


