জুলাই অভ্যুত্থান নিয়ে অপপ্রচারের অভিযোগে আনিস আলমগীর ও পিঁয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিডি

জুলাই অভ্যুত্থান নিয়ে অপপ্রচারের অভিযোগে আনিস আলমগীর ও পিঁয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিডি

জাতীয় ডেস্ক

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর মন্তব্য’ ও ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে সাংবাদিক, উপস্থাপিকা ও মডেলসহ মোট ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ নামক একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।

রবিবার (৫ জুলাই) শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলীকে। অভিযোগের বিষয়বস্তু সাইবার-সংক্রান্ত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা এটি পুলিশের সাইবার অপরাধ তদন্ত ইউনিটে পাঠাতে পারেন বলে থানা সূত্রে জানা গেছে।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাংবাদিক আনিস আলমগীর, টেলিভিশন উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি।

দায়েরকৃত অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার হওয়ার পর সম্প্রতি জামিনে মুক্ত হন সাংবাদিক আনিস আলমগীর। কারামুক্তির পর তিনি সরকারের আইনগতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে জুলাই আন্দোলনকে ব্যাহত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার চালাচ্ছেন।

উপস্থাপিকা সোমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন টেলিভিশন টকশো ও গণমাধ্যমে জুলাই আন্দোলনকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য প্রদান করছেন।

মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনকারী ও আহতদের উদ্দেশ্য করে কটাক্ষ ও বিতর্কিত মন্তব্য করেছেন।

এছাড়া, সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ এবং আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদকে নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, মডেল মারিয়া কিসপট্টার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে। মডেল ও অভিনেত্রী তুষ্টির বিরুদ্ধে অভিযোগ, তিনি ঐতিহাসিক এই আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের চেতনা ক্ষুণ্ন করা বা শহীদদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা ডিজিটাল নিরাপত্তা ও সাইবার আইনের পরিপন্থী। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন আদালত শীর্ষ সংবাদ