সংস্কৃতি ডেস্ক
বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শিশু গ্রন্থাগার (বাংলাদেশ চিলড্রেনস লাইব্রেরি) নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে জাপান। আজ মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্কৃতিমন্ত্রী জাপানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জাপানের অব্যাহত ও পরীক্ষিত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ১৯৮২ সালের দ্বিপাক্ষিক সাংস্কৃতিক চুক্তি এবং ২০০৫ সালে টোকিওতে স্বাক্ষরিত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি (সিইপি) স্মরণ করে মন্ত্রী উল্লেখ করেন, অর্থনৈতিক অংশীদারত্বের পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধন বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ২০০৫ সালের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিকে যুগোপযোগী করে নবায়নের জন্য কূটনৈতিক চ্যানেলে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন তিনি।
বৈঠকের মূল এজেন্ডা ছিল ২০২৩ সালের ২৭ এপ্রিল স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আধুনিক শিশু গ্রন্থাগার নির্মাণের অগ্রগতি। মন্ত্রী এই প্রকল্পের জন্য স্থপতি তাদাও আন্দো ও জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই গ্রন্থাগারটি দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে তিনি দূতাবাসের সহযোগিতা কামনা করেন।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প ও চারুকলার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক এশীয় চারুকলা প্রদর্শনীতে জাপানের নিয়মিত অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্য সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন, প্রত্নতাত্ত্বিক খনন ও বৈজ্ঞানিক সংরক্ষণ, সাংস্কৃতিক প্রতিনিধি ও শিল্পী বিনিময় এবং গ্রন্থাগার ও আর্কাইভস খাতের প্রযুক্তিগত উন্নয়নে জাপানের পূর্ণ সহযোগিতা বজায় থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এই সৌজন্য সাক্ষাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা উপহার ও স্মারক ক্রেস্ট বিনিময় করে।


