হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ

জাতীয় ডেস্ক

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ফারুক আহমেদ। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতর, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিআইডি এবং মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও দারফুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নতুন এই নিয়োগের মাধ্যমে দেশের মহাসড়কে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ