জাতীয় ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর এবং গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি সংসদীয় জবাবদিহিতা নিশ্চিতকরণ, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুশাসন শক্তিশালী করতে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সক্রিয় ও কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের (বামু) উদ্যোগে আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে আলোচনাকালে চিফ হুইপ এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের সংসদীয় কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এই বিশেষ সেশনের আয়োজন করা হয়।
চিফ হুইপ মো. নূরুল ইসলাম তাঁর বক্তব্যে সংসদের মূল স্তম্ভ হিসেবে পরিচিত তিনটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি—সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সংবিধান ও কার্যপ্রণালী-বিধি অনুযায়ী ভূমিকা ও কার্যক্রমের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে হলে সংসদ সদস্যদের আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং সংসদীয় কমিটিসমূহের কার্যক্রমে নিবিড় সম্পৃক্ততা অপরিহার্য। রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিতে এই কমিটিগুলোর পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
একই দিনে অনুষ্ঠিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর অষ্টম ব্রিফিং সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ‘স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানসমূহ: সকল স্তরে বাজেট বরাদ্দ’ শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সেশনে স্থানীয় সরকার কাঠামোর ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ে সুষম বাজেট বরাদ্দের কলাকৌশল নিয়ে নির্বাচিত সংসদ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজিত এই ব্রিফিং সেশনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় সংসদীয় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট উন্নয়ন অংশীজন ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


