সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ

অর্থ ও স্বাস্থ্য ডেস্ক

সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি সহজতর করতে এবং ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশনাটি অবগতি ও তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সারা দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য প্রশাসনিক দপ্তরে পাঠিয়েছে।

চিকিৎসকদের মতে, বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুম এবং এর পরবর্তী সময়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার প্রথম ১ থেকে ৩ দিনের মধ্যে এনএস১ পরীক্ষা করার মাধ্যমে রোগটি নিশ্চিত হওয়া যায়। বেসরকারি ল্যাব বা হাসপাতালে এই পরীক্ষার জন্য নির্দিষ্ট ফি দিতে হয়, যা অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যয়বহুল। সরকারি হাসপাতালে এটি সম্পূর্ণ বিনামূল্যে করার ফলে প্রান্তিক ও সাধারণ রোগীরা লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করাতে উদ্বুদ্ধ হবেন। এর ফলে দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হবে, যা ডেঙ্গুজনিত মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ