বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে আনিছুর রহমান নিয়োগপ্রাপ্ত

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে আনিছুর রহমান নিয়োগপ্রাপ্ত

অর্থ বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৩ বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২’-এর আর্টিকেল ১০ (৪) অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শর্তানুযায়ী, মো. আনিছুর রহমানকে তার বর্তমান নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করতে হবে। ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর তার এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মো. আনিছুর রহমান বাংলাদেশ ব্যাংকের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দীর্ঘকাল ধরে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। নির্বাহী পরিচালক হিসেবে ব্যাংকিং খাতের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক ও আর্থিক খাতের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ স্তরে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, দেশের ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, মুদ্রানীতি ও ঋণ শৃঙ্খলা বজায় রাখা এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন ডেপুটি গভর্নরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আর্থিক খাতের সংস্কার ও স্থিতিশীলতা আনয়নে সরকারের এই সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে আরও গতিশীলতা সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ