জাতীয় ডেস্ক
টানা ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে পাহাড়ি ঢল ও ধসের কারণে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানমালের নিরাপত্তা বিবেচনায় উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তর ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস এবং সাম্প্রতিক সময়ে জেলায় অব্যাহত অতিবৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি এড়াতে সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকসহ সর্বসাধারণের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জেলা জুড়ে চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, রাতে বাঘাইছড়ি-সাজেক সড়কের একটি অংশে পাহাড় ধসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কটি সচল করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ও নিরাপদ না হওয়া পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।


