অবরোধ-হরতাল হলেও অটোপাসের সুযোগ নেই, নাটোরে হুইপ দুলু

অবরোধ-হরতাল হলেও অটোপাসের সুযোগ নেই, নাটোরে হুইপ দুলু

জাতীয় দেশ

রাজনৈতিক অস্থিরতা বা যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি শিক্ষাব্যবস্থায় নকল ও অটোপাসের সংস্কৃতি চিরতরে বন্ধ করে একটি মানসম্মত ও মেধাভিত্তিক শিক্ষা পদ্ধতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার বেলা ১১টার দিকে নাটোর শহরের ঐতিহ্যবাহী নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে চিকিৎসাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, ২০০১ থেকে ২০০৬ মেয়াদের তৎকালীন সরকার দেশে একটি নকলমুক্ত ও উন্নত শিক্ষাব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকারও শিক্ষার সার্বিক পরিবেশ রক্ষা করতে বদ্ধপরিকর। পরীক্ষা ছাড়া কিংবা অসাধু উপায় অবলম্বন করে পাশ করার মানসিকতা ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যথাযথ পড়াশোনা ও মেধার বিকাশ ছাড়া ভবিষ্যতে কোনো সুযোগ মিলবে না। এমনকি প্রতিযোগিতামূলক কর্মসংস্থানে টিকে থাকতে হলে শিক্ষার বিকল্প নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তরুণদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থসেবার সহজলভ্যতার বিষয়টি তুলে ধরা হয়। নবনির্মিত চিকিৎসাকেন্দ্রটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।

আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভার আগে নাটোর পৌরসভার অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে স্থানীয় একটি সড়ক সংস্কার কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লার পার্থ সরকারের বাড়ি থেকে সুখদেব স্টোর পর্যন্ত বিস্তৃত সড়কটির পুনর্নির্মাণ কাজের সূচনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে এই সড়ক সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় শীর্ষ সংবাদ