রাজশাহী — জেলা প্রতিনিধি
রাজশাহীর হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে মোহনপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, খেলায় হার-জিত স্বাভাবিক হলেও এর মূল উদ্দেশ্য হলো সম্প্রীতি ও সুস্থ বিনোদন নিশ্চিত করা। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নতুন প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে রেখে তাদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমেই মেধার সঠিক বিকাশ ঘটানো সম্ভব। আর এই লক্ষ্যেই সরকার মাঠপর্যায়ে খেলাধুলাকে জনপ্রিয় করতে কাজ করছে।
তিনি আরও জানান, রাজশাহীর ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন, মাঠ সংস্কার এবং দ্রুত ফ্লাডলাইট সচল করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সরকারের রয়েছে। এছাড়া রাজশাহী মহানগরীর প্রায় ১৬টি ছোট-বড় মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় সিটি করপোরেশনের উদ্যোগে সেগুলোর দ্রুত সংস্কার করে সবুজ ও খেলার উপযোগী করে গড়ে তোলা হবে।
খেলাধুলার পরিধি বাড়াতে মন্ত্রী রাজশাহী শহরের বিভিন্ন স্কুল ও কলেজে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।
গত ২২ আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এবং পুলিশ সুপার মামুন অর রশিদ।
প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলা দলের পলাশ সর্বোচ্চ গোলদাতা এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। অন্যদিকে মোহনপুর উপজেলা দলের বাদল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং আবু রায়হান সেরা গোলকিপারের ট্রফি লাভ করেন। ম্যাচ শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।


