রোহিঙ্গাদের গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

২০১৭ সালে সামরিক অভিযানের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় 'গণহত্যার অভিপ্রায়ের' দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গণহত্যা অপরাধ প্রতিরোধ ও দণ্ডবিধান সনদের প্রয়োগ-সংক্রান্ত মামলায় (গাম্বিয়া বনাম মিয়ানমার) আইসিজের এ রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করা হলো। আদালত জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটন প্রতিরোধ, গণহত্যা ও সনদে উল্লিখিত অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করা এবং সনদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে দেশটি তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

সনদ লঙ্ঘনের দায়ে আদালত মিয়ানমারকে অন্যান্য বিষয়ের পাশাপাশি যেসব নির্দেশ দিয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে—সনদের অধীনে বাধ্যবাধকতাগুলো পুরোপুরি কার্যকর করতে আইন প্রণয়নের মাধ্যমে চলমান সব লঙ্ঘন বন্ধ করা, সনদের পরিপন্থী কাজে জড়িত বলে সন্দেহভাজনদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত শুরু করে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করা।

এছাড়া রয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া ও তা প্রতিরোধ করা, মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ আবাসস্থলে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারগুলোর পুনর্মিলনের সুযোগ দেওয়াসহ তাদের স্বার্থে ক্ষতিপূরণমূলক ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গাদের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক। মিয়ানমার এখন আদালতের এই চূড়ান্ত রায় পুরোপুরি মেনে চলতে এবং এর আদেশগুলো বাস্তবায়ন করতে আইনগতভাবে বাধ্য।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে দীর্ঘ সাত বছর ধরে মামলাটি এগিয়ে নেওয়ার জন্য গাম্বিয়ার প্রশংসা করছে বাংলাদেশ। পাশাপাশি কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড—এই ১১টি সদস্য রাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।

এছাড়া রায়ের অধীনে থাকা বাধ্যবাধকতাগুলো দ্রুত ও কার্যকরভাবে পালন করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ করে মিয়ানমারে নিজ ভূমিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। এই রায় মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসা করছে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও বাড়ানোর আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়