পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় অতিক্রম করেছে এবং মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ ও অবমাননাকর আচরণ। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে জনগণ ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং কোনো হুমকি-ধমকিতে ভীত নয়। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ভারতে অবস্থানরত অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান দেখানো হচ্ছে বলে দলটির পক্ষ থেকে মন্তব্য করা হয়। বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা উসকানি থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্টদের হস্তান্তরের দাবিও জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের একজন মন্ত্রীর এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ধরনের বক্তব্য প্রত্যাহারে ভারতীয় কর্তৃপক্ষের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি এবং পারস্পরিক মর্যাদাপূর্ণ কূটনৈতিক সম্পর্ক নিশ্চিত করার তাগিদ দেন।

জাতীয়