জাতীয় ডেস্ক
চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে পবিত্র হজব্রত পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। ভৌগোলিক অবস্থান বিবেচনায় ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন। সর্বশেষ গত ১৭ মে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) নামে এক নারী হজযাত্রী মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৌদিতে অবস্থানরত হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।
আইটি হেল্পডেক্স সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সর্বমোট ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ Elements১৪৮ জন যাত্রী রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ৬১টি ফ্লাইটে ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে। আইটি হেল্পডেস্ক থেকে এ পর্যন্ত ১৮ হাজার ২১০টি তথ্য ও সহায়তা সেবা প্রদান করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে ঢাকা ত্যাগ করবে। হজের আনুষ্ঠানিকতা ও ধর্মীয় রীতিনীতি সম্পন্ন হওয়ার পর আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি হজ ফ্লাইট আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।


