অর্থ ও বাণিজ্য ডেস্ক
দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রপ্তানি ও বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এই তথ্য নিশ্চিত করেছে।
ইইউ-এর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রোসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইটালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটায় পণ্যটি বাজারজাতকরণের এই অনুমোদন দেওয়া হয়। থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত চিকিৎসায় ব্যবহৃত এই লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রেনাটার ইইউ জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস) স্বীকৃত উৎপাদন কেন্দ্রে তৈরি হবে।
এই অনুমোদনের ফলে ইউরোপের বাজারে থাইরয়েড চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপদ ও মানসম্মত সরবরাহ নিশ্চিত হবে। একযোগে ইউরোপের ছয়টি দেশে এই প্রবেশাধিকার বৈশ্বিক ওষুধ রপ্তানি বাজারে রেনাটা পিএলসি তথা বাংলাদেশের সামগ্রিক ওষুধ শিল্পের অবস্থান ও ভাবমূর্তি আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


