রাষ্ট্রের পরাজয়েও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই অ্যাটর্নি জেনারেলের বড় স্বস্তি: রুহুল কুদ্দুস কাজল

রাষ্ট্রের পরাজয়েও নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই অ্যাটর্নি জেনারেলের বড় স্বস্তি: রুহুল কুদ্দুস কাজল

জাতীয় ডেস্ক

আইনের শাসন ও বিচারব্যবস্থার মূল লক্ষ্য হলো নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। কোনো মামলায় রাষ্ট্র হেরে গেলেও যদি একজন সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হয়, তবে সেটিই একজন অ্যাটর্নি জেনারেলের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিনের কোটচাঁদপুর আগমন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, সমাজ ও বিচারব্যবস্থায় যখন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, তখন রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেও আনন্দ অনুভূত হয়। রাষ্ট্র বা ব্যক্তি—কে জয়ী হলো সেটি মূল বিষয় নয়; বরং বিচার প্রক্রিয়ায় প্রকৃত বিচার প্রতিষ্ঠিত হয়েছে কি না, সেটিই মুখ্য। আইনের শাসনের মূল উদ্দেশ্য হলো মানুষের আইনগত ও সাংবিধানিক অধিকার রক্ষা করা।

তিনি আরও উল্লেখ করেন, বিচারব্যবস্থা যখন একজন নাগরিকের প্রাপ্য বিচার নিশ্চিত করতে সক্ষম হয়, তখন রাষ্ট্রের প্রতিনিধির অসন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। উল্টো এ ধরনের বিচার দেশের সাধারণ মানুষের মধ্যে আইন, বিচারালয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা আরও সুদৃঢ় ও শক্তিশালী করে তোলে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি উন্নত গণতান্ত্রিক সমাজ গঠন সম্ভব।

কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নাগরিক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাইমা নাসরিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এ ছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আইন আদালত শীর্ষ সংবাদ