জাতীয় ডেস্ক
রাজধানীতে একটি বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হওয়ার পর এবার সেই নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন নবদম্পতির গুলশানের বাসভবনে উপস্থিত হয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। এ সময় তিনি নবদম্পতির নিকট প্রধানমন্ত্রীর বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ব্যস্ত সূচির মাঝেও সাধারণ নাগরিকের জীবনের বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন নবদম্পতি ও তাঁদের পরিবারের সদস্যরা। উপহার গ্রহণের সময় তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা জানান, দেশের সরকার প্রধানের কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি ও ভালোবাসা তাঁদের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দিনব্যাপী একটি কর্মসূচি শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে পাশেই চলমান একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর অপ্রত্যাশিত আগমনে বিয়েবাড়ির অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন বর তখনও এসে পৌঁছাননি। তিনি দীর্ঘ সময় অবস্থান করে কনে ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর এই সৌজন্যমূলক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় শীর্ষ পদে থেকেও সাধারণ মানুষের সামাজিক আচার-অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনগণের সঙ্গে নেতৃত্বের সরাসরি সংযোগের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। এর মাধ্যমে রাজনীতি ও সামাজিক জীবনের মেলবন্ধন সুদৃঢ় হয়, যা নাগরিক মনে ইতিবাচক প্রভাব ফেলে।
উপহার পৌঁছানোর সময় অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সর্বদা সাধারণ মানুষের সুখ-দুঃখ ও আনন্দের সাথে সম্পৃক্ত থাকতে পছন্দ করেন। আজকের এই উপহার প্রদান সেই নিরবচ্ছিন্ন আন্তরিকতারই একটি অংশ। নবদম্পতি তাঁদের জীবনের নতুন পথচলায় প্রধানমন্ত্রীর দোয়া ও ভালোবাসা পাওয়ায় এটিকে পরম প্রাপ্তি হিসেবে বিবেচনা করছেন।


