অর্থ ও বাণিজ্য ডেস্ক
জাতীয় রাজস্ব বৃদ্ধি এবং কর-জিডিপি (ট্যাক্স-টু-GDP) অনুপাত উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক অনলাইন সেবা চালুসহ একগুচ্ছ স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে এবং ২০৩৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ্ এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে নির্ধারিত লিখিত উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। সংসদ সদস্য তার প্রশ্নে উল্লেখ করেন, ২০২৪-২৫ অর্থবছর অনুযায়ী বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৭ দশমিক ৩ থেকে ৮ শতাংশের মধ্যে, যা নেপালের মতো ছোট অর্থনীতির দেশের (২৩ দশমিক ১ শতাংশ) তুলনায় অনেক কম।
লিখিত জবাবে জানানো হয়, দেশের কর-জিডিপি অনুপাত বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে একটি ‘মিডিয়াম অ্যান্ড লং-টার্ম রেভিনিউ স্ট্র্যাটেজি’ (এমএলটিআরএস) গ্রহণ করেছে। রাজস্ব খাতের সংস্কারে বিভাগের এন্ড-টু-এন্ড ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু হয়েছে, যার অধীনে করদাতাদের জন্য এআই ভিত্তিক অনলাইন সেবা এবং অনলাইন উৎসে কর কর্তন ব্যবস্থাপনার সম্প্রসারণ করা হচ্ছে। কর ফাঁকি রোধে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও কর ঝুঁকি নির্ধারণের পাশাপাশি শিল্পখাতভিত্তিক গড় সূচক ব্যবহার করে ঝুঁকি-ভিত্তিক নিরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে।
রাজস্ব ব্যয় হ্রাসের লক্ষ্যে সরকার অপ্রয়োজনীয় কর ছাড় ও কর অব্যাহতি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ‘ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ২০২৬’ প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর আইন সরলীকরণ এবং করদাতার তথ্যভান্ডার সমৃদ্ধকরণের কাজ চলছে।
বকেয়া রাজস্ব আদায়ে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, মামলা ও বকেয়া নিষ্পত্তি, নিলাম, ব্যাংক গ্যারান্টি নগদায়ন এবং অনিষ্পন্ন চালান প্রক্রিয়া দ্রুত করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া ‘ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩’ এবং ‘কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২০২৮’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে ‘স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট’ বাস্তবায়ন এবং কর অব্যাহতি পর্যায়ক্রমে যৌক্তিকীকরণের মাধ্যমে কর কাঠামোর আমূল পরিবর্তন আনা হবে।


