অর্থ-বাণিজ্য ডেস্ক
সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকায় প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর বাজারে কোনো ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার কাঁচাবাজার পরিদর্শনের পর এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেট ঘোষণার পরও চালের পাইকারি ও খুচরা বাজার স্থিতিশীল রয়েছে। বাজারে নতুন ও পুরাতন চালের মূল্যে সামান্য তারতম্য থাকলেও সামগ্রিকভাবে দামের কোনো ঊর্ধ্বগতি নেই। বর্তমানে বিপুল পরিমাণ চাল মজুত রয়েছে এবং চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।
বাজার পরিদর্শনকালে উপস্থিত খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, দেশে চালের মজুত ও সরবরাহে কোনো ঘাটতি নেই। সরকারের চলতি বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানও লক্ষ্যমাত্রা অনুযায়ী সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। তিনি বাস্তব পরিস্থিতি যাচাই না করে বাজারে আতঙ্ক তৈরি করতে পারে—এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাধারণত বাজেট ঘোষণার পর একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কর ও শুল্কের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। তবে সরকারের পক্ষ থেকে কঠোর বাজার মনিটরিং এবং পর্যাপ্ত মজুতের এই নিশ্চয়তা মাঠ পর্যায়ে বাস্তবায়িত হলে বাজারে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


