হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি, মৃত্যু ৫০ জনের

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি, মৃত্যু ৫০ জনের

জাতীয় ডেস্ক

চলতি বছরের পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫০ হাজার ১০ জন। আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের এই ফিরতি ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যানুযায়ী, ১৩ জুন পর্যন্ত দেশে ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ৫৮টি ফ্লাইটের মাধ্যমে ২২ হাজার ৯৫২ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস ৪৮টি ফ্লাইটে ১৯ হাজার ২৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন হাজি পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৩ হাজার ৭০৬ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৭৩ হাজার ৯৩৫ জন। গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়।

এদিকে হজ ব্যবস্থাপনা কার্যালয়ের সূত্র মতে, হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত সৌদিতে চিকিৎসাধীন অবস্থায় ৫০ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৭ জন নারী। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, পবিত্র মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় ১ জন মারা যান।

হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৮৩৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে তথ্য ও যোগাযোগ সংক্রান্ত ২৭ হাজার ৬৬৫টি সেবা দেওয়া হয়েছে।

বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সৌদি ন্যাশনাল হাসপাতালে ৫ জন, মক্কা মেডিক্যাল সেন্টারে ৪ জন, আন-নুর হাসপাতালে ৩ জন, হেরা জেনারেল হাসপাতালে ২ জন, কিং ফাহাদ জেনারেল হাসপাতালে ২ জন, কিং আব্দুল্লাহ মেডিক্যাল সিটি হসপিটালে ১ জন এবং হায়াত ন্যাশনাল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছেন। এর আগে সৌদির বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি চিকিৎসা সেবা নিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে সকল হাজির নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সার্বিক কার্যক্রম চলমান রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ