অপরাধ ও সীমান্ত ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে ১৫ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই তৎপরতা বিজিবির জোরালো বাধার মুখে পড়ে এবং অনুপ্রবেশের চেষ্টাকৃত ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় তারা।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রোকনপুর বিওপির আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২০/এমপি-এর কাছাকাছি এলাকা দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সশস্ত্র সদস্যরা ৫টি শিশু, ৮ জন নারী এবং ২ জন পুরুষসহ মোট ১৫ জনকে জোরপূর্বক বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়ার অপচেষ্টা করে। সীমান্ত রেখায় নিয়োজিত বিজিবির টহল দল বিষয়টি তাৎক্ষণিকভাবে অনুধাবন করে এবং অত্যন্ত কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে।
বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়। পরবর্তীতে শনিবার ভোররাতে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা উক্ত ১৫ জনকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থার কারণে সীমান্তে বড় ধরনের কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারেনি।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোকনপুর সীমান্তের সার্বিক পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিজিবি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপতৎপরতা প্রতিহত করতে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।


