জাতীয় ডেস্ক
একদিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর পর্যটন নগরীতে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। সফরে তিনি দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সফর শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকার উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সেখানে তিনি স্থানীয় পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার অংশ হিসেবে চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষা ও সবুজ বেষ্টনী তৈরিতে এই কর্মসূচি দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই সফরে প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় সূত্রমতে, নতুন এই প্রশাসনিক ইউনিটগুলোর অনুমোদন ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে চকরিয়া ও পেকুয়া অঞ্চলের মানুষের নাগরিক সেবা প্রাপ্তি আরও সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।
দিনের শেষভাগে প্রধানমন্ত্রী কক্সবাজারের বিখ্যাত মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। এছাড়া বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সন্ধ্যায় স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
কক্সবাজারের সামগ্রিক অবকাঠামো, পরিবেশ ও প্রশাসনিক উন্নয়নে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দিনব্যাপী নির্ধারিত কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই বিমানযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।


