চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

রাজনৈতিক ডেস্ক

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে ১১ দলীয় ঐক্য। আজ শনিবার (১৩ জুন) বিকেলে ঐতিহাসিক লালদিঘী ময়দানে এ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাবেশ সফল করতে লালদিঘী ময়দানে বিশালাকৃতির মঞ্চ নির্মাণসহ সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জোটের স্থানীয় শীর্ষ নেতারা সমাবেশস্থল পরিদর্শন করে ব্যবস্থাপনা ও প্রস্তুতি পর্যালোচনা করেন।

বিভাগীয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।

কর্মসূচিতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন—লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য বৃদ্ধি এবং নির্বাচন-পরবর্তী সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে গণভোটের দাবি নিয়ে এই সমাবেশটি মাঠের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সংসদে বিরোধী মোর্চার অবস্থান এবং মাঠপর্যায়ে নিজেদের জনসমর্থন জোরালো করার লক্ষ্যেই এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের দায়িত্বশীল পর্যায় থেকে জানানো হয়েছে, এটি কোনো একক দলীয় কর্মসূচি নয়, বরং সাধারণ মানুষের অধিকার, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে একটি যৌথ গণমঞ্চ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রক্ষা করা হচ্ছে।

রাজনীতি শীর্ষ সংবাদ