ধর্ম ডেস্ক
১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
হিজরি নববর্ষের প্রথম মাস মহররমের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র আশুরার তারিখ নির্ধারিত হয়। এটি মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় দিবস।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। নাগরিকেরা চাঁদ দেখার তথ্য নির্ধারিত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে পারবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিটি দেশের আকাশে চাঁদ দেখার বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা করবে।


