বিশ্বকাপের ফাইনালে স্পেন: আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব

বিশ্বকাপের ফাইনালে স্পেন: আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দলটি। স্পেনের এই অগ্রযাত্রার পর এখন ফুটবলপ্রেমীদের সমস্ত দৃষ্টি নিবন্ধ হয়েছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। এই লড়াইয়ের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।

ফুটবল বিশ্বে বর্তমানে স্পেন ও আর্জেন্টিনা—এই দুই দলের মধ্যকার লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন অগণিত সমর্থক। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বের লড়াই দেখার আকাঙ্ক্ষা থেকে অনেকেই এই সম্ভাব্য ফাইনালকে ‘হারিয়ে যাওয়া ফাইনালিসিমার’ একটি বিকল্প রূপ হিসেবে দেখছেন।

উল্লেখ্য যে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে দোহায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ‘ফাইনালিসিমা’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সময় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে স্পেনের রাজধানী মাদ্রিদে এই ম্যাচটি আয়োজনের প্রস্তাব করা হলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিরপেক্ষ ভেন্যু ও সমতার ভিত্তিতে তা আয়োজনের দাবি জানায়। দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় এবং বিকল্প ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।

বিশ্বকাপের মঞ্চে স্পেন ও আর্জেন্টিনার সম্ভাব্য এই লড়াই নিয়ে বিশ্বজুড়ে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। একদিকে স্পেনের টানা আধিপত্য ও ছন্দময় ফুটবল, অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার জেদ—সব মিলিয়ে এই ফাইনালটি একটি উচ্চমাত্রার প্রতিযোগিতার বার্তা দিচ্ছে। ফুটবল বিশ্লেষকরা এই ম্যাচটিকে বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যায়িত করছেন।

তবে এই মাহেন্দ্রক্ষণ আসার আগে আর্জেন্টিনাকে পার হতে হবে ইংল্যান্ডের কঠিন বাধা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটি লিওনেল মেসি ও তার দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। ব্রিটিশরা তাদের কৌশলগত ও শারীরিক ফুটবলের মাধ্যমে আর্জেন্টিনার রক্ষণভাগে বড় ধরনের চাপ সৃষ্টি করতে সক্ষম। অন্যদিকে, আর্জেন্টিনা তাদের ড্রিবলিং ও নিখুঁত পাসিংয়ের মাধ্যমে ইংল্যান্ডের রক্ষণব্যুহ ভাঙার ছক কষছে। আটলান্টায় অনুষ্ঠিতব্য এই সেমিফাইনাল ম্যাচের ওপরই নির্ভর করছে বিশ্ব ফুটবলপ্রেমীরা বহু প্রতীক্ষিত এই দ্বৈরথ দেখতে পাবেন কি না।

স্পেন এরই মধ্যে তাদের দায়িত্ব পালন করেছে এবং ফাইনালে জায়গা করে নিয়েছে। এখন আর্জেন্টিনার ওপর নির্ভর করছে ফুটবল ইতিহাসের নতুন কোনো অধ্যায় রচিত হবে কি না। দুই মহাদেশের বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার এই ফাইনাল যদি অনুষ্ঠিত হয়, তবে তা ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সবার নজর ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনাল পারফরম্যান্সের দিকে।

খেলাধূলা শীর্ষ সংবাদ