রাজনীতি ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জুলাই সনদ এবং গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ যখন অবরুদ্ধ ছিল, তখন প্রবাসীরাই মুক্তির আশা জাগিয়ে রেখেছিলেন। একইসঙ্গে এই অভ্যুত্থান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। গত জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় ভবিষ্যতের নির্বাচনগুলোতেও প্রবাসীদের ভোটাধিকার অব্যাহত রাখতে এনসিপি কাজ করে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
দক্ষিণ কোরিয়ার খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক ‘গোয়াংজু ডেমোক্রেসি ফোরাম’ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, কোরিয়ার প্রবাসীরা জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণেও প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কোরিয়ার গণতান্ত্রিক লড়াইয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দীর্ঘ সংগ্রামকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা রাজনৈতিক নেতৃত্বের সামনে তুলে ধরেন। প্রবাসীদের পক্ষ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রয়াত শিক্ষার্থীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে ও বিনামূল্যে দেশে পাঠানোর স্থায়ী ব্যবস্থা করা, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের অভিবাসন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা, জনশক্তি রপ্তানিতে দালাল চক্রের অপতৎপরতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ করা, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসী কর্মীদের হয়রানি পুরোপুরি বন্ধ করা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতিতে প্রবাসীদের অধিক অন্তর্ভুক্ত করা। এনসিপি নেতৃবৃন্দ এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য আয়মান রাহাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার আহ্বায়ক আরিফুর রহমান এবং সদস্য সচিব বাবুল মিয়াসহ স্থানীয় প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়া সফররত এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সম্মান জানাতেই এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।


