জাতীয় ডেস্ক
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা অংশে এক সড়ক দুর্ঘটনায় একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোরের দিকে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে গাছের চারা বহনকারী একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালকের নাম শামীম (৩০)। তিনি যশোরের কোতোয়ালি থানার চাঁচড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় নিহত তার সহকারীর (১৮) পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদী ফ্লাইওভারের ঢাকামুখী লেনে গাছের চারা বোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির মাছভর্তি একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপের সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শামীম প্রাণ হারান এবং তার সহকারী গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত সহকারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান দুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং সড়ক আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


