জাতীয় ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৯টায় তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী কক্সবাজারে পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ এবং স্থানীয় জলাশয় ও খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কক্সবাজারে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন। এই খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সেখানে আয়োজিত একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। স্থানীয় প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কক্সবাজারের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং স্থানীয় কৃষি ও মৎস্য চাষের প্রসারে পিএমখালীর পাতলী খাল পুনঃখনন প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে যাওয়া এই খালটি খননের ফলে অঞ্চলের জলবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থানীয় বাসিন্দারা। এছাড়া প্রধানমন্ত্রীর এই সফর ও সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিনব্যাপী নির্ধারিত বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবিষয়ক কর্মসূচি সমাপ্ত করে প্রধানমন্ত্রী আজ রাতেই বিমানযোগে ঢাকা প্রত্যাবর্তন করবেন।


