নগর উন্নয়ন ডেস্ক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকা নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সিটি কর্পোরেশন। এসব সড়কের টেকসই ও আধুনিক উন্নয়নের মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) নগরীর ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ সড়ক ও রাজাখালী সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র জানান, অবকাঠামোগত ঘাটতির কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের দীর্ঘকাল যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জনগণের এই কষ্ট দূর করতে এবং বাণিজ্যিক নগরীর সামগ্রিক অবকাঠামোগত ভারসাম্য বজায় রাখতে এই উন্নয়ন প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। একটি আধুনিক ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা গেলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।
ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, কেবল অবকাঠামো নির্মাণই নয়, নাগরিক সেবার মানোন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। চসিকের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা কঠোরভাবে নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


