অপরাধ ডেস্ক
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে রাজধানীর ৬টি থানা এলাকায় পৃথক এই অভিযানগুলো চালানো হয়। থানাভিত্তিক গ্রেপ্তারকৃতদের সংখ্যার মধ্যে রয়েছে—উত্তরা পূর্ব থানায় ২ জন, এবং শ্যামপুর, মোহাম্মদপুর, পল্লবী, খিলক্ষেত ও রূপনগর থানায় ১ জন করে মোট ৫ জন।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ তৎপরতা চলমান থাকবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজুসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


