কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও প্লাস্টিক ব্যবহার কমানোর উদ্যোগ সরকারের

কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও প্লাস্টিক ব্যবহার কমানোর উদ্যোগ সরকারের

জাতীয় ডেস্ক

পরিবেশ সুরক্ষায় কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে সরকার নানামুখী দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকের ব্যবহার বন্ধে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার পাশাপাশি আগামী ২০৩০ সালের মধ্যে দেশে প্লাস্টিকের ব্যবহার ও উৎপাদন উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সরকারের এসব নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের প্রায় সব প্রধান প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হওয়ায় পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও দূষণ উৎসে নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে সরকার।

পরিবেশমন্ত্রী জানান, দেশের পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ উপকূলীয় ১২টি জেলার ৪০টি উপজেলায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে তিন বছর মেয়াদি একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা এবং প্লাস্টিক দূষণজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় সরকার একটি দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর অধীনে ২০৩০ সালের মধ্যে দেশে প্লাস্টিকের সামগ্রিক ব্যবহার ৫০ শতাংশ এবং এর উৎপাদন ৩০ শতাংশে নামিয়ে আনা হবে। এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল উপাদানের ব্যবহার বৃদ্ধিতে উৎসাহিত করা হচ্ছে।

পাশাপাশি শহুরে বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনতে কঠিন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর আমিনবাজারে একটি আধুনিক বিদ্যুৎ উৎপাদন প্লান্ট স্থাপনের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই প্লান্টটি চালু হলে ঢাকা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার সংকট দূর হওয়ার পাশাপাশি জাতীয় গ্রিডে পরিচ্ছন্ন জ্বালানি যুক্ত হবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

জাতীয় শীর্ষ সংবাদ