সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

সিঙ্গাপুরের হাইকমিশনারের সাথে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পেয়েছে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ এবং সাউথ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

বৈঠক সূত্রে জানা গেছে, উভয় পক্ষের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি প্রধান্য পায়। বিশেষ করে দেশের শিল্প ও বাণিজ্যের উন্নয়ন, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক অগ্রগতি, গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিঙ্গাপুরের প্রতিনিধি দল বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাতকালে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকার মূল্যায়ন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্যসহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অংশ হিসেবে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সিঙ্গাপুর সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সিঙ্গাপুরের মতো একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরাশক্তির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এই সাক্ষাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কারের মতো সুদূরপ্রসারী বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সাথে এই আলোচনা দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পথকে আরও মসৃণ করতে সহায়ক ভূমিকা রাখবে।

জাতীয় শীর্ষ সংবাদ