বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর পরিচয়পত্র পেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর পরিচয়পত্র পেশ

জাতীয় ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই পরিচয়পত্র হস্তান্তর করেন। এর মাধ্যমে বাংলাদেশে ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে তাঁর কূটনৈতিক কার্যকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এর আগে, গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে তাদের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে তিনি গত ৫ জুন ভারতের পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেন। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক যোগাযোগ আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশে নিযুক্ত এই নতুন হাইকমিশনারকে বিশেষ কূটনৈতিক মর্যাদা দিয়েছে ভারত সরকার। হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ভারতের ‘ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রী’ বা কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা প্রদান করা হয়েছে। গত ২৪ জুন ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্মারকে জানানো হয়েছে, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালীন দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক প্রটোকলের ক্ষেত্রে ভারতের ‘টেবিল অব প্রিসিডেন্সে’ (রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম) ইউনিয়ন ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের প্রটোকল ও মর্যাদা দেওয়া হবে।

তবে এই বিশেষ মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, এটি সম্পূর্ণরূপে দীনেশ ত্রিবেদীর ব্যক্তিগত মর্যাদা হিসেবে বিবেচিত হবে এবং এর ফলে ভারতের বিদ্যমান রাষ্ট্রীয় টেবিল অব প্রিসিডেন্সে কোনো স্থায়ী বা কাঠামোগত পরিবর্তন আসবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারকে এই উচ্চ মর্যাদাসম্পন্ন প্রটোকল দেওয়ার সিদ্ধান্তটি ঢাকার সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের বিশেষ গুরুত্বের বহিঃপ্রকাশ।

জাতীয় শীর্ষ সংবাদ