আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না এবং তাদের মধ্যে সম্পর্ক ছিল “গঠনমূলক”। তিনি বলেন, গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি “স্বাভাবিক এবং ব্যবসায়িক” ছিল।
মঙ্গলবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে, ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।”
প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, “বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। তবে আমি না… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু। তাহলে ভয় পাব কেন?” তিনি যোগ করেন, আমেরিকার জনগণের গণতান্ত্রিক পছন্দের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক ভবিষ্যতে “কৌশলগত অংশীদারিত্বের” ভিত্তিতে দৃঢ় হবে।
অক্টোবর মাসে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইউক্রেনের প্রতিরক্ষা ও সামরিক সহায়তার বিষয় নিয়ে আলোচনা হয়। জেলেনস্কি ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রাজা চার্লসও ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে গোপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জানান, ট্রাম্প রাজা চার্লসকে “খুব সম্মান করেন” এবং তাকে “খুব গুরুত্বপূর্ণ” মনে করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, তাদের দেশে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ২৭টি ইউনিট যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ক্রয়ের পরিকল্পনা রয়েছে। তিনি ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিজেদের প্যাট্রিয়ট সিস্টেমও ইউক্রেনকে ধার দেয়।
এদিকে, রুশ হামলার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ইউক্রেনের দুটি পারমাণবিক কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কয়েকদিন ধরে দেশটিতে বিদ্যুৎ সংকট চলছে। ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্টরএনারগো জানিয়েছে, হামলার পর তাদের উৎপাদন “শূন্যে নেমে গেছে”।
প্রেসিডেন্ট জেলেনস্কি, যুদ্ধের প্রেক্ষাপটে, রাশিয়াকে “ইউরোপের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ” চালানোর অভিযোগ এনে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে ইউরোপের অন্য কোনো দেশে নতুন হামলা চালাতে পারে।
বিদ্যুৎ বিপর্যয়ের মাঝে কিয়েভে বসে, হাসিমুখে জেলেনস্কি বলেন, “এটাই আমাদের বাস্তবতা। দেশের অন্যান্য স্থানের মতো কিয়েভেও মাঝে মাঝে বিদ্যুৎ আসা-যাওয়া করে।”


