জাতীয় ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর একটি স্মারক তালগাছ রোপণেরও কথা রয়েছে।
এর আগে আজ শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশে আয়োজিত এক সভায় মন্ত্রী বলেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচি কৃষি ও অর্থনীতিতে একটি সবুজ বিপ্লবের সূচনা করবে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে খালের জলাশয়ে পরিকল্পিত মৎস্য চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি জোরদার হবে। তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচিতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালের এই ধরার খালটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী যে খাল খনন ও উৎপাদনমুখী কর্মসূচির সূচনা করেছিলেন, এই ধরার খালটি ছিল তার একটি অন্যতম অংশ। দীর্ঘ সময় পর এই খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়ায় স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, খালটি পুনরুজ্জীবিত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে স্থানীয় কৃষকরা সেচ সংকটের হাত থেকে রক্ষা পাবেন। একই সাথে এটি এই অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখতে এবং দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে পারে।
ত্রাণমন্ত্রীর এই পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমন ও উদ্বোধনী অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


